ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের চলতি অধিবেশনে ৯১ বিল পাস

ads

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে শুক্রবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়।


আজ শুক্রবার পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।


পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ বিল, শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, আমানত সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, সাইবার সুরক্ষা বিল, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল।


এ ছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’–এর ওপর সরকারি দলের সদস্য আনিছুর রহমান তিনটি সংশোধনী প্রস্তাব দিলে স্পিকার তা গ্রহণ করেন। পরে সংশোধিত আকারে বিলটি পাস হয়। দিনের শেষদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।


ads
ads
ads

Our Facebook Page